ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বিপর্যয়কর : ওবামার সাবেক উপদেষ্টা
Printed Edition
আলজাজিরা
বারাক ওবামার সাবেক উপদেষ্টা বেন রোডস বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। এক্স প্ল্যাটফর্মে পোস্টে রোডস উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা আমেরিকার ইতিহাসের একটি গভীর লজ্জাজনক অধ্যায়, পরবর্তী ঘটনা যাই হোক না কেন।
তিনি বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের মর্যাদা বিশ্বব্যাপী নষ্ট হয়েছে। এ ছাড়াও রোডস ভবিষ্যদ্বাণী করেছেন যে আরো বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব আসছে এবং ট্রাম্পের সিদ্ধান্ত রাশিয়ার নেতা পুতিনকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে।
এ দিকে ৪০ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঐতিহাসিক পরাজয় হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং এখন তাদের সামনে ইরানের ইচ্ছা মেনে নেয়া ছাড়া কোনো পথ নেই।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের যে ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে, তার মধ্যে রয়েছে- ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল, ইরানকে ক্ষতিপূরণ প্রদান, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। বিবৃতিতে আরো বলা হয়, গত ৪০ দিন ছিল ইতিহাসের অন্যতম কঠিন সম্মিলিত যুদ্ধ, যেখানে ইরান ও তার মিত্ররা শত্রুপক্ষের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।