সৌদি দূতের সাথে সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না

Printed Edition
3rd-44
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ডা: আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত সেখানে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) বাংলাদেশী পাসপোর্ট দেয়ার প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া আরো গতিশীল করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, যাদের কাছে বাংলাদেশী বৈধ ডকুমেন্টস রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। প্রয়োজনে সৌদি আরবের দেয়া তালিকা পুনরায় যাচাই-বাছাই করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রফতানি ছাড়াও আমাদের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।” তিনি এসব খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানান।

রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সৌদি আরব সফর করতে পারেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।