২০২৬ কান উৎসব
আন সার্টেন রিগার্ডের জুরি প্রধান লায়লা বেখতি
Printed Edition
সাকিবুল হাসান
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘আন সার্টেন রিগার্ড’-এর জুরিবোর্ডের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী লায়লা বেখতি। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনের অংশ এই বিভাগটি মূলত নতুন ধারার সিনেমা ও তরুণ নির্মাতাদের মেধা অন্বেষণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বেখতির নেতৃত্বে গঠিত এই শক্তিশালী বিচারক প্যানেলে সদস্য হিসেবে আরো থাকছেন সেনেগালের চলচ্চিত্র প্রযোজক অ্যাঞ্জেল ডিয়াবাং, লেবানিজ সুরকার খালেদ মৌজানার, ইতালীয় পরিচালক লরা সামানি এবং ফরাসি পরিচালক থমাস কেইলি। এই অভিজ্ঞ জুরিবোর্ড উৎসবের শেষ দিনে এই বিভাগের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য পুরস্কারগুলো ঘোষণা করবেন।
এবারের আসরে জেন শোনব্রুনের ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াসমা’ চলচ্চিত্রটি দিয়ে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগের পর্দা উঠবে। এই বছরের সিলেকশনটি বেশ বৈচিত্র্যময়, যেখানে রুয়ান্ডার চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। মারি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর ‘বেন-ইমানা’ চলচ্চিত্রটি প্রথম কোনো রুয়ান্ডান সিনেমা হিসেবে কানের অফিশিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে। এছাড়া জর্দান ফার্স্টম্যান পরিচালিত ‘ক্লাব কিড’ সিনেমাটিও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারা ডেলিভিন ও ডিয়েগো কালভা। লায়লা বেখতি নিজে কান উৎসবের দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০০৯ সালে জ্যাক অডিয়ার্ডের ‘এ প্রফেট’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরে বিপুল পরিচিতি পান, যা সে বছর কানের ‘গ্র্যান্ড প্রি’ অর্জন করেছিল। পরবর্তীতে তিনি ‘অল দ্যাট গ্লিটার্স’ সিনেমার জন্য সিজার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। জুরি প্রধানের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বেখতি জানান, সিনেমা মানুষের সাথে জগতের এক অন্যরকম মেলবন্ধন তৈরি করে এবং বিচারকের আসনে বসে নতুন চলচ্চিত্র আবিষ্কার করা তার জন্য একই সাথে দায়িত্ব ও আনন্দের অভিজ্ঞতা হবে। প্রসঙ্গত, গত বছর এই বিভাগের জুরি প্রধান ছিলেন ব্রিটিশ নির্মাতা মলি ম্যানিং ওয়াকার এবং সেবার শীর্ষ পুরস্কার জিতেছিল ডিয়েগো সেসপেডেসের ‘দ্য মিস্টেরিয়াস গেজ অফ দ্য ফ্লেমিঙ্গো’।