জ্বালানি সঙ্কটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

Printed Edition
3rd-55
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন : নয়া দিগন্ত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সচেতনতার অভাবে দেশের অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। শিশুদের সুরক্ষায় একটি দায়িত্বশীল সরকার হিসেবে বর্তমান প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এবং সিভিল সার্জন ডা: মঞ্জুর এ এলাহী। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “আমরা এমন এক সময়ে জনরায়ে দায়িত্ব নিয়েছি যখন মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কট চলছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ অপরিহার্য। অথচ মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও বিগত পতিত স্বৈরাচারী সরকার তা উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি। তারা নিজেদের হীন স্বার্থে আমদানি নির্ভর জ্বালানি নীতি প্রণয়ন করেছিল।”

জ্বালানি সঙ্কটের জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করে মন্ত্রী আরো বলেন, গণবিচ্ছিন্ন ও গণবিরোধী সরকারের ভুল নীতির কারণেই আজ রাষ্ট্রকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হচ্ছে। এই সঙ্কট মূলত বিগত স্বৈরাচারী শাসনের সুদূরপ্রসারী কুফল।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, মরণঘাতী হাম-রুবেলা সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে আপনাদের লেখনী ও সংবাদ উপস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের পর্যাপ্ত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।