ডিএসসিসির কর্মকর্তা শহীদুল্লাহ ও বিটিভির ৫ কর্মকর্তার নথি তলব দুদকের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো: শহীদুল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপর দিকে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচ কর্মকর্তার নথি তলব করেছে দুদক।

দুদক জানায়, ডিএসসিসির সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো: শহীদুল্লাহ ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি-বেসরকারি অর্ধশত প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দিয়েছে।

যার মধ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১ এর কমিশনার বরাবর চিঠিতে বেশকিছু নথিপত্র তলব করেছেন সহকারী পরিচালক নুরুল ইসলাম। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিস্তারিত তথ্য পর্যালোচনা করা প্রয়োজন। তলব করা নথিপত্রের মধ্যে রয়েছে- শহীদুল্লাহর আয়কর নথি, সম্পদ ও দায়ের বিবরণী (আইটি ১০-বি), আয়ের উৎসের সপক্ষে দাখিলকৃত নথিপত্র এবং ব্যবসাসংক্রান্ত রেকর্ডপত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, শহীদুল্লাহ এবং তার সহযোগীরা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২ এর মূল নকশা বহির্ভূত অবৈধ দোকান নির্মাণের সাথে জড়িত ছিলেন। ব্যবসায়ীদের দোকান বরাদ্দের প্রলোভন দেখিয়ে প্রায় ৩৪.৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এরই মধ্যে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে মেয়র সাঈদ খোকনসহ আরো কয়েকজনের সাথে মো: শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

বিটিভি ৫ কর্মকর্তার দুর্নীতির নথি তলব দুদকের :

অপর দিকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব খাতের মালামাল প্রকল্প খাতে দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেয়া হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক তাছলীমা আক্তার স্বাক্ষরিত ওই চিঠিতে, নথিপত্র আগামী ২৮ এপ্রিলের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম জানান, বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো: মান্নাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো: আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রে রাজস্ব খাতে মালামাল ক্রয়ের বিল-ভাউচার, স্টক রেজিস্টার এবং বিতরণ রেজিস্টারের সংশ্লিষ্ট অংশের সত্যায়িত অনুলিপি দেয়ার জন্য বলা হয়েছে।

এ ছাড়া একই সময়ে ক্রয়-সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তি, নির্বাচিত ঠিকাদারের নাম-ঠিকানা, পরিশোধিত অর্থের পরিমাণসহ বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।

দুদক আরো জানায়, অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত সাত বছরের দাফতরিক বিদেশ সফরের তালিকা এবং সংশ্লিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির ডিশ অ্যান্টেনা (ডিশ আব) মেরামত সংক্রান্ত বিল-ভাউচারের সত্যায়িত কপিও জমা দিতে বলা হয়েছে।