কোরবানির পশুর কেনাকাটা চলছে টিকটক অ্যাপে
Printed Edition
আহমেদ ইফতেখার
আর কয়েক দিন বাদেই ঈদুল আজহা। কোরবানির ঈদে পশু কোরবানি পরিকল্পনা, পশু কেনাবেচা এবং হাটে ঘুরে পশু নির্বাচন করা বরাবরের মতো চললেও ডিজিটাল এই যুগে যোগ হয়েছে নতুন মাত্রা। ঘরে বসে অনলাইনেই এখন প্রাণী নির্বাচন এবং ক্রয়-বিক্রয় করা যায়। অনেক কনটেন্ট ক্রিয়েটর কোরবানির পশু নিয়েও কনটেন্ট তৈরি করছে। টিকটকের মতো প্ল্যাটফর্মেও দেখা মিলছে কোরবানির জন্য প্রস্তুত করা প্রাণী। অনেক খামারি নিজেরাই তুলে ধরছে কীভাবে পশু বড় হচ্ছে, কী খাচ্ছে, কেমন যতেœ আছে। ফলে কোরবানি এখন আর শুধু হাটের গণ্ডিতে আবদ্ধ নেই, বরং আপনার হাতে থাকা স্মার্টফোনে দেখে জানা যাচ্ছে হাট আর খামারের দৃশ্য।
কৃষিজ্ঞান নামক টিকটক আইডির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর জুয়েল বিভিন্ন খামারের গরু ও গবাদিপশু নিয়ে কনটেন্ট তুলে ধরছেন। তার ভিডিওগুলোতে সাধারণত গরুসহ বিভিন্ন জাতের পশু এবং বাজারে তোলার আগে খামারিদের প্রস্তুতির বিষয়গুলো দেখা যায়। খামারে ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে তিনি দর্শকদের কোরবানির সময়ের চিত্র তুলে ধরছে। তার কনটেন্ট যেমন তথ্যবহুল, তেমনি বিনোদনমূলক। এমন ভিডিওয়ের মাধ্যমে মানুষ ঘরে বসেই গরুর আকার ও দাম জানতে পারছে।
খামার বিডি আইডিতে কনটেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ দর্শকদের সরাসরি নিয়ে যান গরুর খামারে। তার ভিডিওতে বড় গরু, খামারের মালিক এবং গ্রামের খামারের বাস্তব দৃশ্য দেখা যায়। এসব ভিডিওতে ফুটে ওঠে সেই খামারিদের পরিশ্রম, যারা মাসের পর মাস গরু লালন-পালন করেন কোরবানির মৌসুমকে সামনে রেখে। তার গল্প বলার ধরন ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সংযোগও তৈরি করে, যা মানুষকে কোরবানির পশু প্রস্তুতের পেছনের শ্রম ও যতœকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। কোরবানির হাটের আপডেট ও বাস্তব অভিজ্ঞতা জানতে তার পেজটি অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
কনটন্টে ক্রিয়েটর সবুজ দেওয়ান তার খামার ও ঈদ উপলক্ষে পালন করা গরুগুলোর গল্প শেয়ার করেন। তার ভিডিওগুলোতে খামারি ও পশুর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ফুটে ওঠে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের তার গ্রামের খামার জীবন এবং কোরবানির প্রস্তুতির একটি বাস্তব চিত্র উঠে আসে ।
এই কনটেন্ট ক্রিয়েটররা শুধু কোরবানির মৌসুমকে তুলে ধরছেন না, বরং মানুষ যেভাবে কোরবানির হাটকে দেখে ও অনুভব করে, সেটিও বদলে দিচ্ছেন। এক সময় কোরবানির হাটের অভিজ্ঞতা শুধু সরাসরি উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন সেই অভিজ্ঞতা বাংলাদেশের গ্রামের মাঠের পাশাপাশি টিকটকের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে।