সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণজয়

Printed Edition
Sports-2
টিটি ফেডারেশনের সেক্রেটারির (মাঝে) সাথে সাকিব, হাসিব, নাফিজ ও জয় : টিটি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

গত তিন দিন আগে পাকিস্তানের ইসলামাবাদে সাউথ এশিয়ান রিজিওন্যাল চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে দ্বৈতে নেপালকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয় জুটি। এবার সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। এই জয়ে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে তারা। এর আগে বাংলাদেশ ২০২২ সালে মালদ্বীপে প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে দলগততে (মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ ইকবাল এবং আবুল হাসেম হাসিব) স্বর্ণপদক জিতেছিল। এ ছাড়া ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক এবং গত বছর নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্চ পদক পেয়েছিল দেশের টিটি খেলোয়াড়রা।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বর্ণপদক জেতে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। ম্যাচের শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ সেটে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে হারলেও নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে, জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে এবং শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।

এ ছাড়া অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ও মালদ্বীপকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরেছে। ভারতের বিপক্ষে তাদের শেষ ম্যাচ বাকি। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কা ও নেপালের কাছে হেরেছে। অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার কাছে হার মেনেছে। তাদেরও ভারতের বিপে ম্যাচ বাকি।