শিবচরে ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৪টি মাইক্রোবাস
Printed Edition
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় চার সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন জেলা থেকে ডাকাতি হওয়া চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যানগুলোর মধ্যে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় শিবচর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদের। সংবাদ সম্মেলনে শিবচর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১টা ২০ মিনিটে শিবচরের যাদুয়ারচর এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস থামিয়ে চালককে জিম্মি করে। খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে ভয় দেখিয়ে তারা হায়েস মাইক্রোবাসটি ডাকাতি করে নিয়ে যায়। পরে চালক ও যাত্রীদের মারধর করে চোখ ও হাত বেঁধে পাঁচ্চর এলাকায় ফেলে যায়।
ঘটনার পর ভুক্তভোগী সোলাইমান মিয়া শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। শিবচর থানা পুলিশের একটি দল কুমিল্লা, সাভার ও কক্সবাজারে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া নাম্বারপ্লেট ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আল-আমিন (৩৬), পারভেজ হোসেন (৩০), জাকির ইসলাম (২৩) ও সবুজ হোসেন (৩৪)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।