দক্ষিণ কোরিয়ার উসুক ইউনিভার্সিটির সাথে আইআইইউসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সাথে দক্ষিণ কোরিয়ার উসুক ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্যে উসুক ইউনিভার্সিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উসুক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ডিন ড. হিউন-সিল শিন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন গ্লোবাল রিলেশনস অফিসার ওনবিন নোহ এবং জিয়া হং দা। অন্য দিকে আইআইইউসি’র পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে দুই ডিন আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর আওতায় শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক ক্রেডিট ট্রান্সফারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। বিজ্ঞপ্তি।