বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন আইনের শাসনের পরিপন্থী : অ্যাড: জুবায়ের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে এই কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে এক ধরনের ‘নগ্ন হস্তক্ষেপ’।
গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচিত একটি কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাবে অ্যাডহক কমিটি গঠন করা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, ‘একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে দলীয় লোকদের বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
ক্রীড়াঙ্গনের সুশাসন নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, এ ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ক্রিকেট ও দেশের ভাবমর্যাদাকে ক্ষুণœ করবে। ক্রীড়া সংস্থাগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে হলে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা অপরিহার্য।
বিবৃতিতে জামায়াত নেতা অবিলম্বে গঠিত অ্যাডহক কমিটি বাতিল করার জোর দাবি জানান। একই সাথে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।