গরম থেকে বাঁচতে হোটেল কক্ষ ভাড়া

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ তবে অস্বাভাবিক এক উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন। প্রচণ্ড গরম থেকে বাঁচতে তার এই চেষ্টা অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেঙ্গালুরুর বাসিন্দা প্রিয়া পাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দেখান, কিভাবে তিনি শুধু দিনের বেলায় এয়ার কন্ডিশনের (এসি) সুবিধা নেয়ার জন্য কাছাকাছি একটি হোটেলে চেক ইন করেছেন। ভিডিওটিতে দেখা যায়, তিনি ঘরের ভেতরে আরাম করে সময় কাটাচ্ছেন।

ভিডিওতে একটি টেক্সটও দেখানো হয়। সেখানে লেখা ছিল, বেঙ্গালুরুতে তাদের বাড়ির পাশেই এই উদ্দেশ্যে একটি হোটেল বুক করা হয়েছে। এই বার্তাটি আসলে বোঝাচ্ছিল, ঘরের ভেতর গরম সামলানো দিন দিন কতটা কঠিন হয়ে উঠছে। প্রিয়া বলেন, শুরুতে তারা ভেবেছিলেন বৃষ্টি হবে, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি। এরপর তারা কুলার বা এয়ার কন্ডিশনার কেনার চেষ্টা করেন, কিন্তু দেখেন সবই আউট অব স্টক। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো ডেলিভারি হতে সাত দিন সময় লাগবে। তিনি জানান, তাদের এলাকায় চাহিদা এত বেশি যে কুলিং ডিভাইস ভাড়াও পাওয়া সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তারা অনলাইনে একটি কুলার বুক করেন। তবে সেটি হাতে পেতে সময় লাগবে বলে, এর মধ্যে রোববার দিনটি হোটেলে কাটানোর সিদ্ধান্ত নেন।