মাদক-সন্ত্রাস রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি ড. জালাল উদ্দিনের

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মতলব অঞ্চল থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সর্বাত্মক উদ্যোগ নেয়া হচ্ছে।

গতকাল শনিবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সচেতনামূলক সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি ‘মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের জন্য ধ্বংস ডেকে আনে’ মন্তব্য করে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংকারীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলসহ আরো অনেকে। শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।