নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা রোববার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি সংবর্ধনা দেয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত থাকবেন। এর আগে গত ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
ফেসবুক ব্যবহার নিয়ে হুঁশিয়ারি : এদিকে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালতের নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কোনো সুযোগ নেই। যদি কোনো বিচারক কর্মঘণ্টার মধ্যে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যম ব্যবহার করেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে সেদিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন।