অস্ত্রের ভুয়া লাইসেন্স দেয়া আলোচিত শামসুল ও তার স্ত্রী কারাগারে
Printed Edition
রংপুর ব্যুরো
রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে ৩৯০টি অস্ত্রের ভুয়া লাইসেন্স দেয়ার ঘটনায় আলোচিত সেই অফিস সহকারী শামসুল ইসলাম ও তার স্ত্রী মায়া ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক মো: বদরুল আলম ভূঞা এ আদেশ দেন। এর আগে দম্পতিটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কড়া নিরাপত্তায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সই জাল ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় গত ৩১ মার্চ স্পেশাল জজ আদালত শামসুল ইসলাম ও তার স্ত্রীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। সোমবার সেই মামলায় আত্মসমর্পণ করতে এলে আদালত তাদের কারাগারে পাঠান। এ ছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের আরো একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামি শামসুল ইসলাম ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত রংপুর ডিসি অফিসের জুডিশিয়াল মুন্সিখানা (জেএম) শাখায় কর্মরত ছিলেন। এ সময়ে তিনি আগ্নেয়াস্ত্রের ২১টি মূল ভলিউম থেকে পুরনো পাতা ছিঁড়ে নতুন পাতা সংযোজন করেন। তৎকালীন জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তার সই জাল করে তিনি ৩৮৯ থেকে ৩৯০ জনের নামে ভুয়া লাইসেন্স ইস্যু করেন। প্রতিটি লাইসেন্সের বিনিময়ে তিনি চার লাখ থেকে পাঁচ লাখ টাকা গ্রহণ করেছিলেন।