চবিতে দিনব্যাপী পয়লা বৈশাখ উদযাপন

Printed Edition

দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে দেশে আবার কোনো অগণতান্ত্রিক শাসনব্যবস্থা কেউ কায়েম করার দুঃসাহস দেখাতে না পারে।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জারুলতায় পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান উদ্বোধন ও প্রধান বক্তা ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সভাপতিত্ব করেন প্রোভিসি (প্রশাসন) ও পয়লা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

বক্তব্যের শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে বৈষম্যহীন সমাজ গড়ার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার যে আকাক্সক্ষা ছিল, আজকের অনুষ্ঠানে এসে সম্মিলিত আয়োজন ও অংশগ্রহণ দেখে মনে হয়েছে আমরা বহুলাংশে সফল হয়েছি। আজকে চট্টগ্রাম শহরে এবং চবিতে এসে যে প্রাণচাঞ্চল্য, উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্য দেখেছি, সম্প্রীতির মনোভাব দেখেছি, তাতে মনে হয়েছে, আমাদের সব কষ্ট সফল হয়েছে, আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

এ ছাড়া দিনব্যাপী বৈশাখী ও বিশেষ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভিসিসহ অতিথিরা এ মেলা উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।