স্লোভাকিয়ার ভিসা সহজ করার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক
Printed Edition

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মী নিয়োগ এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা।

তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর সাইডলাইনে গত শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাথে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপবিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠকের সময় এ আহ্বান জানানো হয়। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। এ সময় তারা বিভিন্ন ইস্যুতে অভিন্ন স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

তৌহিদ হোসেন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁঁজে বের করার জন্য বাংলাদেশে স্লোভাক প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান। স্লোভাক প্রজাতন্ত্র বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করতে পারে বলে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন।

বৈঠকে বহুপক্ষীয় ফোরামে দুই দেশের সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।

স্লোভাক মন্ত্রী বি-টু-বি সংযোগ বাড়ানো এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি ব্যবসায়িক দল পাঠানোর বিষয়ে সম্মতি দেন।

তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ : একই দিন তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তথ্য উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত বলেছেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।

সাক্ষাতে ড. ওমর বোলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।

মহাকাশে সহযোগিতায় গুরুত্ব : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাথে গতকাল তার্কিস এয়ারস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহমেট ডিমিরোগ্লুু সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এরোস্পেস প্রযুক্তিতে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার প্রয়োজন। এ খাতে বাংলাদেশ ও তুরস্ক পরস্পরকে সহযোগিতা করলে উভয়ের জন্য লাভজনক হবে।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে এরোস্পেস প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে তুরস্ক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে রাজি হয়।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তিনদিনব্যাপী ‘এডিএফ-২০২৫’ আয়োজন করেছে, যা গতকাল থেকে শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘ভঙুর বিশ্ব কূটনীতি পুনরুদ্ধার’। ফোরামে ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধির পাশাপাশি শিক্ষার্থীসহ চার হাজারেরও বেশি অতিথি অংশ নিয়েছেন।