সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা এখনো উন্নয়নবঞ্চিত

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত অনেক এলাকায় এখনো কাক্সিক্ষত উন্নয়ন পৌঁছায়নি বলে জানিয়েছেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। নগরের বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকা পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর ও তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় সড়ক ও ড্রেনেজ সঙ্কটের কারণে এলাকাবাসীর ভোগান্তি প্রত্যক্ষ করেন তিনি।

পরিদর্শনকালে তিনি মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদরাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘সিসিকের বর্ধিত অনেক এলাকা এখনো উন্নয়নবঞ্চিত। তবে ইতোমধ্যে কিছু ওয়ার্ডে সড়ক, ড্রেন ও সড়কবাতির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব এলাকায় উন্নয়ন সুবিধা পৌঁছে দেয়া হবে।’ তিনি সংশ্লিষ্ট এলাকায় ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

নগর উন্নয়নে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, ‘নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘পরিকল্পিতভাবে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।’

পরিদর্শনে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো: আলী আকবরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।