মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগল ঘুমধুমের বসতঘরে
বিজিবির প্রতিবাদপত্র
Printed Edition
বান্দরবান প্রতিনিধি
মিয়ানমার-বান্দরবানের ঘুমধুম সীমান্তে ওপার থেকে ছোড়া একটি বুলেট এসে বাংলাদেশের স্থানীয়দের বসতঘরে বিদ্ধ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মাওলানা নুরুল আমিন ফারুকীর বাসার টিনের চালা ভেদ করে গুলিটি ভেতরে ঢুকে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিজিবির টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারের আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ক্যাম্প বা এলাকা থেকে গুলিটি বাংলাদেশের অভ্যন্তরে এসেছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং স্থানীয়দের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে মিয়ানমারের আরাকানে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর সংঘর্ষের পর আরাকান আর্মি সীমান্তের সেনা ক্যাম্পগুলো দখল করে নেয়। আরাকান আর্মির দখলকৃত ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী। এ নিয়ে সেখানে সংঘর্ষ চলছে।