বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের হাত ভাঙলেন বিএনপি নেতা
Printed Edition
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। একই দিনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সাংবাদিক। আগেও তিনি হামলাকারীদের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকের নাম জাহাঙ্গীর আলম (৩৯)। তিনি জাতীয় দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি ও উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের নাজমুল হকের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোনাইল বাজারের স্থানীয় বিএনপির নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লা তার ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ডলি রানী বলেন, জাহাঙ্গীর আলম নামের এক রোগীকে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে।
জাহাঙ্গীর আলম আরো বলেন, হামলাকারীরা আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আনিছ আলী মোল্লা বলেন, তার সাথে সামান্য কথাকাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।