রান্নাঘরে গ্যাসের অদ্ভুত বিকল্প
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
এলপিজির আকাল শুরু হতেই রান্নাঘরে নানা ধরনের বিকল্প খুঁজতে শুরু করেছেন গৃহস্থেরা। কখনো সাধারণ বিকল্প আবার কখনো নানা অদ্ভুত উপায় অবলম্বন করে রান্নার কাজ সারছেন। জ্বালানির আকালের আবহে সেই সমস্ত ভিডিও নজর কেড়েছে সমাজমাধ্যমে। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। রান্নাঘরে গ্যাসের বিকল্প হিসেবে এক মহিলা যা বেছে নিয়েছেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল সেই ভিডিওর শুরুতেই যেটি সবার নজর কেড়েছে তা হলো রান্নাঘরের ভেতরে ঢোকানো রয়েছে শুকনো গাছের ডাল। প্রথম দর্শনে রান্নাঘরের মাঝখানে কী আছে তা বোঝা কঠিন। পরে ভিডিওটি যত এগোতে থাকে ততই স্পষ্ট হতে থাকে বিষয়টি। পরে দেখা এটি আসলে একটি কাঠের গুঁড়ি। এটি এতটাই বড় যে দেখে মনে হয় যেন পুরো গাছটাই চুল্লিতে ঢুকিয়ে দেয়া হয়েছে। রান্নাঘরে চুল্লিতে দাউ দাউ করে জ্বলছে গোটা গুঁড়িটিই। সেখানে ঢাকা দেয়া হাঁড়িতে কিছু রান্না করছেন এক মহিলা।
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, মা, বাড়িতে কি কুড়ুল ছিল না। ভিডিওটিতে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। একজন লিখেছেন, এই ধরনের ব্যবস্থা করতে পারলে ষষ্ঠতম বিশ্বযুদ্ধ পর্যন্ত টিকে যেতে পারা সম্ভব। বাড়ির ভেতরে এইভাবে আগুন জ্বালানোকে নিরাপত্তা ঝুঁকি বলে মনে করছেন বহু নেটাগরিকই।