সিরিজ জেতাটা হবে আনন্দের : নাথান
Printed Edition
আইপিএল, পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রর মতো তারকাদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। বাংলাদেশ সিরিজের দলে থাকা অধিনায়ক টম লাথামেরই শুধু ১৫০-এর বেশি ওয়ানডে (১৬৪) খেলার অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ম্যাচ খেলেছেন হেনরি নিকোলস। আর নাথান স্মিথ খেলেছেন ১৫ ওয়ানডে। বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড দল। কারণ, কিউই দলের বেশির ভাগ ক্রিকেটারই অচেনা। এমনকি জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশের আট ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি। সফরকারীদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সেটি করতে চায় কিউই পেসার নাথান স্মিথ।
নিউজিল্যান্ড সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দু’টি ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় সারির কিউইদের প্রথম ওয়ানডেতে ২৪৭ রানে আটকে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরে স্বাগতিকেরা কোণঠাসা। আজ মিরপুরে হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ হলেও নিউজিল্যান্ড এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায়।
গতকাল সংবাদ সম্মেলনে কিউই এই পেসার বলেন, ‘এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশ একটি শক্তিশালী দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলাটা সত্যিই আনন্দের ছিল। আমরা যদি এই সিরিজ জিততে পারি, তবে সেটি হবে আনন্দের।’
বাংলাদেশ প্রথম ম্যাচে ৪৮.৩ ওভারে ২২১ রান করলেও তার মধ্যে ২২ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। যার মধ্যে ২০ রানই নিউজিল্যান্ড দিয়েছে ওয়াইড। তবে বাজে বোলিং থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৬৬ ডট বল দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে ব্লেয়ার টিকনার চারটি আর নাথান স্মিথ তিনটি নিয়েছেন।
বাংলাদেশ সিরিজের উইকেট নাথান স্মিথকে অবাক করেছে। ‘আমি কিছুটা অবাক হয়েছি। তবে দ্বিতীয় ম্যাচের জন্য তারা যে উইকেট তৈরি করেছে, সেটি পাকিস্তান সিরিজের উইকেটের মতো মনে হচ্ছে। তাই হয়তো কিছুটা বেশি গতি থাকবে। বাংলাদেশের ধারণা ছিল প্রথম উইকেটে হয়তো কিছুটা বেশি গতি থাকবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তা কেমন আচরণ করে। বাংলাদেশ আরো উন্নত উইকেট তৈরির চেষ্টা করছে।’