জাপানের টিকিট পেল বাংলাদেশ হকি দল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ দিন ধরে এশিয়ান গেমসে নিয়মিত অংশ নেয়া বাংলাদেশ হকি দল এবার থাইল্যান্ডে কোয়ালিফাইং রাউন্ডে বড় অনিশ্চয়তায় পড়েছিল। শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াই, গোলের পাল্টাপাল্টি নাটক আর শুট আউটের চাপ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর ম্যাচে হংকংকে হারিয়ে স্বপ্নপূরণ! নাটকীয় এবং শিহরণ জাগানিয়া ম্যাচে হংকংকে টাইব্রেকারে হারিয়ে জাপানের আইচি এশিয়ান গেমসে খেলার টিকিট পেল লাল-সবুজের হকি দল।
এই জয়ের বাছাইপর্বে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত হয়েছে বাংলাদেশের, যা এশিয়ান গেমসে খেলার জন্য যথেষ্ট। এবার বাছাইপর্বে মোট ৯টি দলের মধ্যে শীর্ষ ছয়টি দল মূল আসরে অংশ নেবে। বাংলাদেশ হকি দল এ পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়েছে। ১৯৭৮ সালে প্রথম অংশগ্রহণের পর ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই তাদের সেরা সাফল্য। যদিও এবারের বাছাইপর্বে পারফরম্যান্স ছিল হতাশাজনক। শুরুতে চায়নিজ তাইপেকে হারালেও পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার এবং উজবেকিস্তানের সাথে ড্র করে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি। বাধ্য হয়ে খেলতে হয়েছে স্থান নির্ধারণী ম্যাচ।
পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী এই ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটে ৪-৪ গোলের সমতায় শেষ হয় খেলা। ভাগ্য নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় শুট আউটে। যেখানে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে খেলার নিশ্চয়তা পায় আমিরুল-বাবু-রকির দল।
ব্যাংককের রয়্যাল থাই বিমানবাহিনী হকি মাঠে শুট আউটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম শট মিস করে পিছিয়ে পড়ে দলটি, যা একসময় প্রথমবারের মতো এশিয়ান গেমসে না খেলার শঙ্কা তৈরি করে। এরপরই দৃশ্যপটে আবির্ভাব ঘটে গোলরক বিপ্লব কুজুরের। প্রতিপরে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে রক্ষা করতে থাকেন। শুট আউটে হংকংয়ের তিনটি শট রুখে দিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। অন্য দিকে বাংলাদেশের হয়ে রোকন, জয় ও ফজলে রাব্বি গোল করেন, যার মধ্যে রাব্বির শেষ শটটি জয় নিশ্চিত করে।
এর আগে নির্ধারিত সময়ের ম্যাচে শুরুতেই দাপট দেখিয়ে বাংলাদেশ দ্রুত দুই গোলের লিড নেয়। রাকিবুল হাসানের ফিল্ড গোল ও আমিরুল ইসলামের পেনাল্টি স্ট্রোকে এগিয়ে যায় দল। তবে হংকং দ্রুত ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরানোর পর একাধিকবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। আশরাফুল ইসলামের জোড়া গোলে দল এগিয়ে গেলেও হংকং পাল্টা আক্রমণে বারবার সমতায় ফেরে। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। শেষ ১০ মিনিটে কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানেই স্বার্থক বাংলাদেশ।