বেলাবতে ছাত্রদলের কমিটি ঘিরে বিভক্তি সড়কে আগুন দিয়ে বিক্ষোভ

Printed Edition

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

দীর্ঘ ২২ বছর পর নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। পদবঞ্চিত একাংশ নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়।

জানা গেছে, গত ৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি এবং মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে থাকেন। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল তারা বেলাব বাজারের কলেজ রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে বেলাব থানার ওসি এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা সরে যান। অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত সভাপতি আশিক সুজন মামুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত এবং অতীতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেন তিনি।