জামালপুরে অপহরণ মামলার বাদিকেই করা হয়েছে আসামি

Printed Edition

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর থানার এসআই মো: কামাল হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলার আসামিদের পক্ষ নিয়ে ঘুষের বিনিময়ে বাদি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লিটন আকন্দ গত বুধবার (১৫ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, লিটন আকন্দের অষ্টম শ্রেণীতে পড়ুয়া বোনকে গত ১৭ জানুয়ারি অপহরণের অভিযোগে ২৫ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় নূর হোসেনসহ তার পরিবারের সদস্যদের আসামি করা হয়। পরে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।

লিটনের দাবি, মামলার জেরে আসামিরা তাদের ওপর হামলা চালালেও পুলিশ ব্যবস্থা নেয়নি। বরং বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগে আসামিপক্ষের করা মামলাটি তদন্ত ছাড়াই রুজু করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তোলেন তিনি।

অন্য দিকে অভিযুক্ত নুর ইসলাম অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলে ওই মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করেছে এবং আগুন দেয়ার ঘটনায়ই মামলা করা হয়েছে।

এসআই মো: কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের ভিত্তিতেই মামলা নেয়া হয়েছে।

ইসলামপুর থানার ওসি মো: আব্দুল কাইয়ুম গাজী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিনও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।