খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

Printed Edition

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রতিপক্ষের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার গুইমারার দুর্গম হাফছড়ি ইউনিয়নের পাইনং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ঝিমিত চাকমাকে উদ্ধারের পর মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাইনং পাড়া এলাকায় দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সাথে গুলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষ পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়।