পরমাণু বিজ্ঞানীদের নিখোঁজ ও মৃত্যুর ঘটনার তদন্ত শুরু
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউজ। নিখোঁজ বিজ্ঞানীদের অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার মতো অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে এখনো বিস্তারিত আলোচনা না হলেও ঘটনাগুলোর মধ্যে একটি সম্ভাব্য প্যাটার্ন বা যোগসূত্র দেখা যাচ্ছে।
বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় প্রশাসন মনে করছে এর পেছনে গভীর কোনো কারণ যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন। নিখোঁজদের তালিকায় রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এ ছাড়া পারমাণবিক নিরাপত্তাসংক্রান্ত একটি বিশেষ প্রকল্পে কর্মরত স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলোর পেছনের রহস্য উন্মোচনে কাজ করছে।
লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডও নিখোঁজদের তালিকায় রয়েছেন।