আট বছর পর একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে বুবলী

বিনোদন প্রতিবেদক
Printed Edition
বুবলী
বুবলী

শুধু সিনেমাতেই নয়, বিজ্ঞাপনেও নিজের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন এই সময়ের সবচেয়ে ব্যস্ততম ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সিনেমাতে এসেই যখন তিনি আলোচনার শীর্ষে সেই সময়েই অর্থাৎ ২০১৮ সালেই তিনি প্রথম বিজ্ঞাপনের মডেল হন। সনক মিত্রের পরিচালনায় ‘তিব্বত লাক্সারি সোপ’র বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন। ২০১৮ সালের ৩ মার্চ প্রচারে আসা বিজ্ঞাপনটিতে তার শুভ্র সুন্দর নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। দেশের প্রায় প্রতিটি চ্যানেলেই সেই সময় বুবলীর তিব্বতের বিজ্ঞাপনটি প্রচার হতো নিয়মিত। যে কারণে বিজ্ঞাপনের জগতেও আলোচনায় চলে আসেন তিনি। এরপর বুবলীকে ‘নাসির গ্লাস’, ‘রাঙাপরী মেহেদী’, ‘মুক্তা পানি’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। সর্বশেষ ২০২৪ সালে অর্থাৎ গত বছর ‘যমুনা ফ্রিজ’র বিজ্ঞাপনেও মডেল হতে দেখা যায়। সিনেমার নায়িকা হিসেবে তিনি যেমন তার অভিনীত প্রতিটি সিনেমায় কাজ করার ব্যাপারে ভীষণ চুজি ছিলেন। ঠিক তেমনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করার ব্যাপারেও ভীষণ চুজি ছিলেন, ছিলেন যথেষ্ট সতর্ক। সেই ধারাবাহিকতায় আবারো তিনি আট বছর পর একই প্রতিষ্ঠানের একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) বাংলাদেশের প্রাচীনতম প্রসাধনী এবং সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এর ব্র্যান্ডগুলো বাংলাদেশের মধ্যবিত্ত এবং গ্রামীণ জনগণের মধ্যে জনপ্রিয়। তাই সেসব জনগণের মধ্যেই তিব্বত লাক্সারি সোপ’র প্রচারণা পৌঁছে দিতে আবারো বুবলীকে নিয়েই নতুন বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এবার ভারতে নয়, বাংলাদেশে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। সনক মিত্র এবং তার পুরো টিমই দেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। আবারো তিব্বত বিউটি সোপ’র বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘বিশে^র বিভিন্ন দেশের তারকাশিল্পীরা অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আমার দেশের তারকাদের ক্ষেত্রেও ঠিক তাই। তবে এটা সত্যি যে, আমি যে পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি, কাজ করার আগে পণ্যের গুণগত মান জেনে বুঝেই কাজ করি। কারণ একজন শিল্পী হিসেবে আমারও দায়বদ্ধতা আছে। পণ্য সম্পর্কে সব জেনেশুনেই তা আমি দর্শকের সামনে উপস্থাপন করি। আর তিব্বত লাক্সারি সোপ সম্পর্কে দর্শক বা ক্রেতারা আগে থেকেই জানেন। তাই আবারো বেশ আগ্রহ নিয়েই আমি এর প্রচারণার বিজ্ঞাপনে মডেল হয়েছি। সত্যি বলতে কী তিব্বতের বিজ্ঞাপন খুব সুন্দর হয়, কেমন যেন একটা শুভ্র শুভ্র ব্যাপার থাকে। এবারের বিজ্ঞাপনটিও সনক দাদা বেশ যতœ নিয়ে নির্মাণ করেছেন এবং আমিও খুব সন্তুষ্ট।