পাবিপ্রবিতে রাজনীতিতে যোগ না দেয়ায় শিক্ষার্থীদের মারধর

Printed Edition

পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্র রাজনীতিতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। রোববার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এলিভেটেড’ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৬তম ব্যাচের শিক্ষার্থী রিমন গুরুতর আহত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তরা হলেন- ১৫তম ব্যাচের ইমরান হোসেন, রাইসুল ইসলাম সিজান, শুভজিৎ কর্মকার ও সিয়াম সরকার। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী বলে পরিচিত।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে তাদের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এমনকি ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদেরও রাজনীতিতে ভেড়ানোর দায়িত্ব নিতে বাধ্য করতে চান। এতে রাজি না হওয়ায় একটি বনভোজনের অজুহাতে তাদের ডেকে নিয়ে মারধর করা হয়। তবে অভিযুক্ত রাইসুল ইসলাম সিজান পাল্টা অভিযোগ করে বলেন, জুনিয়ররাই বরং আক্রমণাত্মক মুডে এসে তাদের ওপর হামলা চালিয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান আশিকুর রহমান অভি জানান, ঘটনাটি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‌্যাগিং কমিটির মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও র‌্যাগিংয়ের লিখিত অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, এই একই ব্যাচের বিরুদ্ধে এর আগেও জুনিয়রদের অর্ধ-উলঙ্গ করে র‌্যাগ দেয়ার অভিযোগ উঠেছিল।