সাজানো ট্রাইব্যুনালে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হন শহীদ কামারুজ্জামান : শিবির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ কামারুজ্জামান ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তার কর্মনিষ্ঠা, ত্যাগ ও প্রখর চিন্তাশক্তির মাধ্যমে তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। বাতিল শক্তি তার এই প্রভাব ও গ্রহণযোগ্যতাকে সহ্য করতে পারেনি। সম্পূর্ণ কাল্পনিক কাহিনী সাজিয়ে একটি সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে।’ গতকাল শনিবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিবির সভাপতি এ কথা বলেন।

নূরুল ইসলাম আরো বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের অঙ্গীকার নিয়ে যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিবের ক্ষমতা গ্রহণের পর মুক্তিকামী মানুষের সেই স্বপ্ন ধীরে ধীরে ভঙ্গ হতে থাকে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়বিচার, গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং একদলীয় শাসন, দমনপীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার ফলে মানুষের আকাক্সক্ষা ব্যাহত হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে এদেশে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ম্যান্ডেট ও আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। বর্তমানেও আমরা দেখছি, দেশের বিপুল জনগোষ্ঠীর রায়কে অবহেলা করা হচ্ছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ তাদের রায় বাস্তবায়ন করতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ও বামপন্থীদের নৈরাজ্য, সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি এবং দেশব্যাপী অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এক ঐতিহাসিক বাস্তবতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে শহীদ কামারুজ্জামান সংগঠনটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন। মেধা, শ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র দুই বছরের ব্যবধানে তিনি দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবিরকে সুসংগঠিত করেন এবং শিক্ষার্থীদের মণিকোঠায় এর দৃঢ় অবস্থান তৈরি করেন।’

তিনি আরো বলেন, শহীদ কামারুজ্জামান শুধু ছাত্রশিবিরের জন্যই নয়, বৃহত্তর পরিসরে দেশের ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। জ্ঞান, গবেষণা এবং আন্তর্জাতিক ইসলামী আন্দোলন ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞা দিয়ে তিনি এ দেশের ইসলামী আন্দোলনকে সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে গেছেন। তার প্রখর চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বাতিল শক্তি সহ্য করতে পারেনি। তাই বিচারের নামে মিথ্যা ও সাজানো নাটক মঞ্চস্থ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় বলীয়ান হতে হবে।’

আনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।