জিয়ানগরে জমি দখলের উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি
Printed Edition
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের জিয়ানগরে এক প্রতিবেশীর জমি দখলের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, একই বিষয়ে এরই মধ্যে কয়েকটি মামলায় আদালতের রায় পেলেও নতুন করে মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভুক্তভোগী আব্দুর রহিম ফকির গত ৫ এপ্রিল জিয়ানগর প্রেস কাবে লিখিত অভিযোগ দিয়ে জানান, তার পরিবারের সদস্য আব্দুর রব ফকিরের বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদালত একাধিকবার তাদের পে রায় দিলেও প্রতিবারই নতুন মামলা করে হয়রানি করা হচ্ছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইন্দুরকানী গ্রামের সৌদিপ্রবাসী হেমায়েত মাতুব্বর ও তার ভাই প্রায় ১২ বছর আগে ৪ শতাংশ জমি কিনে সেখানে ভবন নির্মাণ করেন। পরবর্তীতে চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ২০১৬ সালে প্রথম মামলা দায়ের করা হয়। এরপর পর্যায়ক্রমে হেমায়েত মাতুব্বর ও তার স্ত্রী বিউটি আক্তার বাদি হয়ে একের পর এক মামলা করেন। সর্বশেষ ২৪ মার্চ একটি মামলায় আব্দুর রব ফকির আদালতের রায় পেলে পরদিনই নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয় বলে অভিযোগ।
আব্দুর রব ফকির বলেন, তিনি পৈতৃক সম্পত্তিতে বসবাস করছেন এবং সংশ্লিষ্ট জমির সাথে তাদের কোনো বিরোধ নেই। ‘জোর করে আমাদের জমি দিয়ে চলাচল করতে চায়। জমি দখলের উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে,’ অভিযোগ তার। তবে অভিযোগ অস্বীকার করে হেমায়েত মাতুব্বর বলেন, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২৮ শতক জমি কিনেছেন এবং এখনো পুরো জমির দখল বুঝে পাননি। ‘জমির দখল বুঝে পেতেই মামলা করেছি। কাউকে হয়রানি করার উদ্দেশ্য নেই,’ দাবি তার। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।