রাজধানীতে ডিএমপির অভিযান

নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার শতাধিক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক তৎপরতা শুরু করেছে। গত দুই দিনে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া গতকাল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে যাত্রাবাড়ী থানা এলাকা থেকেও ১৬ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির সামগ্রিক অভিযানে মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে তালিকা বহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি এবং ডাকাতি মামলার আসামিও রয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরো জনকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী অভিযানে মোহাম্মদপুর হাউজিং এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ জামাল আহমেদ ওরফে রতন নামে এক মাদক কারবারিকে আটক করে ডিবি ।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ইমরান হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়। এ দিকে মোহাম্মদপুরের আদাবর এলাকায় বিকাশ দোকান মালিককে কুপিয়ে ডাকাতির প্রধান আসামি মো: মামুনকে (৩৫) গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন একটি ছিনতাইকারী চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।