সাওদা সুমির মামলা প্রত্যাহারের দাবি মহিলা জামায়াতের

Printed Edition
3rd-3
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের প্রতিবাদে ও তার সকল মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের শত শত নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “তারা সংবিধানে আশ্রয় নিচ্ছে বারবার কিন্তু যে নির্বাচন হলো সেটা তো সংবিধানের বাইরে, সেটা কেন মেনে নিলো? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না এই দ্বিমুখী নীতি তাদের ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে।”

সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, ৫ আগস্ট পরবর্তী সরকারের কাছে জনগণ শান্তি ও স্বস্তি প্রত্যাশা করলেও সরকার অরাজক পরিস্থিতি দূর করতে এবং জনগণের মৌলিক প্রত্যাশা পূরণ করতে বারবার ব্যর্থ হচ্ছে।

আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নী বলেন, “বর্তমান সরকার ৫১ দিন পার করেছে কিন্তু এরই মধ্যে তাদের যেসব অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি।” প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে পেট্রল পাম্পগুলোর দীর্ঘ লাইনের উদাহরণ টেনে দেশের নাজুক পরিস্থিতি তুলে ধরেন।

কেন্দ্রীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা: হাবীবা চৌধুরী সুইট সাওদা সুমির মুক্তিকে সাধুবাদ জানালেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং হামসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়শা পারভীন অভিযোগ করেন, ফেসবুকে যারা নারী বিদ্বেষমূলক প্রচারণা করছে তাদের বেশির ভাগই সরকারি দলের।

৮ দফা দাবি

ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্যা নাজমুন নাহারের সঞ্চালনায় মানববন্ধনে আট দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে- বিবি সাওদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেফতারের ইন্ধনদাতাকে গ্রেফতার করতে হবে, মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেয়ার কালচার বন্ধ করতে হবে, গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে, তেল ও গ্যাস সঙ্কট মোকাবেলায় বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে, বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলা এবং উল্টো মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গুম সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল করতে হবে, অটিস্টিক শিশুর মাকে মধ্যরাতে শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতারে যে অধিকার লঙ্ঘিত হয়েছে, তার নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুর পূর্ব থানা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা ফাতিমা আক্তার হ্যাপীসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।