শাকসু নির্বাচন ২০২৬

২৯ বছরের অপেক্ষা ঘুচবে কাল

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
Printed Edition
3rd-1
২৯ বছরের অপেক্ষা ঘুচবে কাল

  • প্রচারণা শেষ, প্রস্তুতি সম্পন্ন

  • ভোটার ৯ হাজার ৩০ জন

  • ২৩ পদে ৯৭ প্রার্থী এবং ৬টি হল সংসদে লড়ছেন ৮৪ প্রার্থী

বহুল প্রতীক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল নির্বাচন আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি কেন্দ্রের ১৯টি করে ১৭৮টি বুথে ৯ হাজার ৩০ জন ভোটারের ভোট গ্রহণ করা হবে।

শাকসুর আচরণবিধি অনুযায়ী গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টায় ভোটের প্রচারণা কার্যক্রম শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনও ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের নির্বাচনে ২৩টি কেন্দ্রীয় সংসদের পদে ৯৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে শিক্ষার্থীরা। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ দিকে শাকসুর নির্বাচনে ডাকসু, চাকসু, রাকসু, জকসুর পর ইতিহাস গড়তে চায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, শাহপরান হলে দুই হাজার ২২০, বিজয়-২৪ হলে দুই হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে এক হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে এক হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে এক হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জোহরা হলে ৬৭৬ জন ভোটার আছেন। প্রায় ২৯ বছর পর শাকসু নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এবারের শাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ ও বাম সমর্থিত ‘সাধারণের ঐক্যস্বর’ এই তিনটি পূর্ণাঙ্গ প্যানেলে লড়ছে ছাত্র সংগঠনগুলো। তবে মূল লড়াই হবে শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাবিপ্রবি শিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোহাম্মদ শাকিল। এ ছাড়া ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইবরাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত। তারা ২৩ পদের সব কয়টিতেই প্রার্থী দিয়েছে।

‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২টি পদে প্যানেল দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে ভিপি পদে মুস্তাকিম বিল্লাহ, জিএস পদে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও এজিএস পদে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ক্রীড়া সম্পাদক শাকিল হাসান; সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন; সাহিত্য ও বার্ষিকী সম্পাদক আসাদুল হক; সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার; ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তাজুল ইসলাম; সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি; ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ; শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা; ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য পদে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন লড়ছেন।

এদিকে ১৩টি পদে ‘সাধারণের ঐক্যস্বর’ নামের প্যানেলে ভিপি পদে মুুহুয়ী শারদ, জিএস পদে মোহাম্মদ সাইফুর রহমান সিফাত, এজিএস পদে হাফিজুর ইসলাম হাফিজ নির্বাচনে লড়ছেন। এ ছাড়া সহ-ক্রীড়া সম্পাদক পদে মো: মাসুদ শাহরিয়ার, সমাজসেবা সম্পাদক পদে তাকভীর আহাম্মদ, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মো: হানিফ হাসান নিশান, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টবিষয়ক সম্পাদক পদে মো: রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মো: আরমান হোসেন ইমন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে তাছমিমা মাহফুজ জেরিন, পরিবহন সম্পাদক পদে মো: জুবায়ের হোসেন সায়েম, কার্যকরী সদস্য পদে রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন ও মো: এহসানুল হক মিলন নির্বাচন করছেন।

এ ছাড়া ছয়টি আবাসিক হলে ভিপি, জিএসসহ মোট ৮৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শিক্ষাভবন-সি, শিক্ষাভবন-ডি ও শিক্ষাভবন-ই-তে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দু’টি কেন্দ্র এবং সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ থাকবে।

কেন্দ্র বণ্টন অনুযায়ী, ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষাভবন-সি কেন্দ্রে, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই কেন্দ্রে এবং সৈয়দ মুজতবা আলী হলের ভোটাররা সেন্টার অব এক্সিলেন্স ভবন কেন্দ্রে ভোট প্রদান করবেন। অপর দিকে মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দু’টি কেন্দ্রে এবং আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষাভবন-ডি কেন্দ্রে ভোট দেবেন।

ভোটার তালিকা অনুযায়ী, শাহপরাণ হলে দুই হাজার ২১৬ জন, সৈয়দ মুজতবা আলী হলে এক হাজার ৪২৫ জন, বিজয়-২৪ হলে দুই হাজার ১৭৫ জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে এক হাজার ১৮১ জন, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ জন এবং আয়েশা সিদ্দিকা হলে এক হাজার ৩৪৬ জন ভোটার রয়েছেন। সব মিলিয়ে শাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির নয়া দিগন্তকে বলেন, ‘সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়েই কাজ শুরু করেছি। সাধারণ শিক্ষার্থীদের বেশ সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের রায় পেলে শিক্ষাবান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করব।

ছাত্রদল সমর্থিত প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ নয়া দিগন্তকে বলেন, শিক্ষার্থীদের রায়ে নির্বাচিত হলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করব।

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের জিএস পদপ্রার্থী হাফিজুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে আমাদের ইশতেহার পৌঁছে দিচ্ছি।

শাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে।

বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ নয়া দিগন্তকে বলেন, ১৭৮টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।