যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে আইনপ্রণেতাদের হত্যা ও বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে জেসিকা বোভি (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ এবং গোষ্ঠীটিকে বস্তুগত সহায়তা দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, ওই নারী এফবিআইয়ের এক তথ্যদাতাকে জানিয়েছিলেন, তিনি নিউইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনগুলো ‘ধ্বংস করতে চান।’

কানাডা সীমান্তের কাছে অ্যালবানি শহরে অবস্থিত নিউইয়র্ক স্টেট ক্যাপিটাল অঙ্গরাজ্য সরকারের কেন্দ্রবিন্দু এবং সেখানে অঙ্গরাজ্যের আইনসভার উভয় কক্ষের কার্যক্রম পরিচালিত হয়।

আদালতের নথি অনুযায়ী, ৩৫ বছর বয়সি জেসিকা বোয়ির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ‘বিদেশী সন্ত্রাসী সংগঠনগুলোকে’ বস্তুগত সহায়তা দেয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অনলাইনে ইসলামিক স্টেটের সোচ্চার সমর্থক হয়ে ওঠেন। তিনি অনলাইনে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন বার্তা পোস্ট করতেন, যার মধ্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলাকারীদের প্রতি সমর্থনও ছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, বোয়ি এফবিআইয়ের এক তথ্যদাতার কাছে নিষিদ্ধ ওই গোষ্ঠীর প্রতি তার সমর্থনের কথা জানান এবং কীভাবে বিস্ফোরক তৈরি করা যায়, সে বিষয়ে নির্দেশনা চান।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, বোয়ি ওই তথ্যদাতাকে জানিয়েছিলেন, তিনি ‘ক্যাপিটালের পাশে পিকনিক করার বিষয়টি নিশ্চিত করবেন’, যাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সে সম্পর্কে জানতে পারেন।

সফলভাবে পালাতে পারলে যুক্তরাষ্ট্রে ফিরে আরো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর কথাও তিনি বলেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারও ছিল।

বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরণে ছররা হিসেবে ব্যবহারের জন্য পেরেক সংগ্রহের পাশাপাশি একটি ডোরড্যাশ ব্যাগ নেয়ার পর বোয়িকে ১৯ আগস্ট এফবিআইয়ের অ্যাজেন্টরা গ্রেফতার করেন।

বৃহস্পতিবার বোয়ির আদালতে হাজির হওয়ার কথা ছিল।

তার আইনজীবী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাসস