ভালুকায় ১১ বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনোয়ারা নীনা
Printed Edition
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১১ বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা পেয়েছেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের দক্ষ নেতৃত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
গত শুক্রবার ভালুকা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু তার হাতে সম্মাননা তুলে দেন। অনুভূতি প্রকাশ করে আনোয়ারা নীনা বলেন, ‘আমার বিদ্যালয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। শিক্ষার্থীদের সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমেও অসাধারণ সাফল্য অর্জন করছে। খেলাধুলায় উপজেলা পর্যায়ে নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করছে।
স্কাউটিংয়েও প্রতি বছর প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে। নিজের সাফল্যের কৃতিত্ব তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের নিরলস সহযোগিতায় প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি ময়মনসিংহ বিভাগে একবার, জেলায় দুই বার এবং ভালুকা উপজেলায় ১১ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন, যা এক বিরল সম্মাননা।