কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যৌক্তিক করহার নির্ধারণ করা হবে : এনবিআর চেয়ারম্যান
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য রাজস্ব সংগ্রহের চাপ থাকে; কিন্তু সবাইকে চাপে ফেলে রাজস্ব সংগ্রহ না করে কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য করহার যৌক্তিক করা হবে। যারা ভ্যাট ও ট্যাক্স নিয়ে দ্বিধায় আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য পদ্ধতি আধুনিকায়ন করা হচ্ছে। যারা অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট কিংবা অগ্রিম আয়কর দেন তা সমন্বয়ের মাধ্যমে দ্রুত রিফান্ডের জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
তিনি বলেন, সরকার বন্ড ম্যানেজমেন্ট ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা কিভাবে আধুনিক ও পেপারলেস করা যায় সে লক্ষ্যে কাজ করছে। এ জন্য বর্তমান সরকার ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ডিউটি দিতে যাতে কেউ কার্পণ্য না করে সে জন্য নিয়মগুলোকে ডিরেগুলেট করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া নন-কমপ্লায়েন্স করদাতাদের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ, কাস্টমসের ক্ষেত্রে ইচ্ছামাফিক কায়িক পরীক্ষা বন্ধ এবং বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য পুনরায় রফতানির সাথে সমন্বয় হলে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য বন্ড ব্যবস্থা আধুনিকায়ন করা হবে।
তিনি আরো বলেন, করদাতা যাতে উৎসবমুখর পরিবেশে সারা বছর রিটার্ন দাখিল করতে পারেন সেই ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এ ছাড়া ব্যবসায়ীদের যাতে এনবিআর অফিসে ঘুরতে না হয় সে জন্য সবকিছু অটোমেশন করা হয়েছে। ফলে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সার্টিফিকেট অনলাইনে দেয়া হচ্ছে।
২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রাক্কালে গতকাল চট্টগ্রাম চেম্বারের সদস্য ও এ অঞ্চলের ব্যবসায়ী নেতাদের সাথে স্থানীয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে সভায় সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও ফরিদ আহমেদ চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, এফবিসিসিআইর সাবেক পরিচালক মো: আমিরুল হক, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক ডা: মঈনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি চেম্বার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, পার্ক শিপিং লাইনের এমডি মো: হুমায়ুন কবির পাটোয়ারী, বিজিএপিএমইএ’র প্রথম সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, সাহির ট্রেডের সরোয়ার আলম খান ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নানসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মুহাম্মদ মুবিনুল কবীর, মো: আজিজুর রহমান, পান রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো: একরামুল করিম চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, কনফিডেন্স সিমেন্টের পরিচালক জহির উদ্দিন আহমেদ, পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিচালক মোহাম্মদ আলী হোসেন চৌধুরী (সোহাগ), লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।