হাম ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নতুন আক্রান্ত ১৩৪৭ জন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ১৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামে নিশ্চিত আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন এবং উপসর্গে আক্রান্ত হয়েছে আরো ২৫ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৯টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩টি শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৫টি শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৪৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৯ জন ঢাকা বিভাগের।

পাবনায় আক্রান্তের সংখ্যা কমছে

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশুও যেন এই কর্মসূচি থেকে বাদ না যায় সেই চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন জানান, ২০২৪-২৬ সালেও হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে কিন্তু কাক্সিক্ষত লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কারণ-বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি আবারো শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ খায়রুল কবির এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার পাবনার মেডিক্যাল অফিসার ডা: রাশেদুল বাড়ী হাম আক্রান্ত ও টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।