মার্কিন সিনেটে ইসরাইলকে সমর্থনে ‘বিশাল ফাটল’

Printed Edition

আলজাজিরা

মার্কিন সিনেটে ইসরাইলকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করার একটি প্রচেষ্টা ভোটাভুটিতে ব্যর্থ হয়েছে। তবে মানবাধিকার কর্মী এবং বিশ্লেষকরা এই ফলাফলকে একটি ‘ঐতিহাসিক বাঁক’ হিসেবে অভিহিত করছেন। তাদের মতে, এটি ইসরাইলি নীতির প্রতি মার্কিন রাজনীতির অন্দরমহলে ক্রমবর্ধমান অসন্তোষ এবং দীর্ঘ দিনের অটুট সমর্থনে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে।

গত বুধবার সিনেটে ইসরাইলের কাছে সামরিক বুলডোজার বিক্রি বন্ধের লক্ষ্যে উত্থাপিত একটি বিলের ওপর ভোটাভুটি হয়। ৪০-৫৯ ভোটে বিলটি পরাজিত হলেও দেখা গেছে, ডেমোক্র্যাট সিনেটরদের একটি বিশাল অংশ এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। মাত্র সাতজন ডেমোক্র্যাট দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে বিলটি বাতিলের পক্ষে ভোট দেন।

প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স এই বিলটি উত্থাপন করেছিলেন। এমন এক সময়ে এই ভোটাভুটি হলো যখন ইরান যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতি উত্তাল। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছেন। এ ছাড়া, লেবানন ও গাজার বিভিন্ন শহর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার ইসরাইলি অভিযানকে মানবাধিকার কর্মীরা ‘জাতিগত নিধন’ হিসেবে বর্ণনা করছেন।