বিএমইউতে বিশ্ব হরমোন দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ উপলক্ষে বিশেষ সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মানবদেহে হরমোনের প্রভাব, জটিল রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, “মানবদেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে। চিকিৎসকদের নিয়মিত প্র্যাকটিসে প্রায়ই হরমোনজনিত জটিলতা মোকাবেলা করতে হয়। তাই রোগমুক্ত জীবনের জন্য হরমোন সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অপরিহার্য।”
অনুষ্ঠানে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা: শারমিন জাহান হরমোনজনিত চ্যালেঞ্জিং কেসগুলোর ওপর দিকনির্দেশনামূলক উপস্থাপনা প্রদান করেন। একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা: নুসরাত সুলতানা তার উপস্থাপনায় বলেন, মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া ও বংশবৃদ্ধিসহ শরীরের স্বাভাবিক কার্যক্রম হরমোনের ওপর নির্ভরশীল। হরমোনের ভারসাম্যহীনতায় ডায়াবেটিস, থাইরয়েড, বন্ধ্যাত্ব ও বয়োসন্ধিকালীন নানা জটিলতা দেখা দিতে পারে।
ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি অধ্যাপক ডা: আফজালুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহাবুব মুর্শেদের সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রবীণ চিকিৎসক ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন। বক্তারা সুস্থ জীবনযাপনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।