আনসারকে হারিয়ে শুদ্ধপুষ্করণীর চমক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চলমান নারী ফুটবল লিগে অভিষেকটা সুখকর হলো না বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের। তাদেরকে ৩-২ গোলে হারিয়েছে রংপুরের শুদ্ধপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব। যদিও আনসার দলে জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি ছিল। জাতীয় দলের উমেলা মারমা, মামনি চাকমা, মালাথুই, অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের পূর্ণিমা মারমা, ক্রানুচিং মারমারা আছেন। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মুনমুনও ছিলেন দলে। কিন্তু তাদের হারিয়ে দিয়েছে অ্যাকাডেমির ফুটবলার নিয়ে গড়া শুদ্ধপুষ্করণী ক্লাব। কোচ মিলন জানান, আমার এই দলের খেলোয়াড়রা তিন মাস হলো একত্রে। এদের নিয়েই আমরা হারিয়ে দিয়েছি সার্ভিসেস দল বাংলাদেশ আনসারকে। আনসারে জাতীয় দলের খেলোয়াড় আছে। আমাদের দলে সবাই নতুন। তাই এদেরকে নিয়ে আনসারের বিপক্ষে পাওয়া এই জয়ই আমাদের লিগের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় জয়। অপর ম্যাচে বিথীর হ্যাটট্রিকে সিরাজ স্মৃতি ৫-১ হারিয়েছে কাচারিপাড়া একাদশকে।

ম্যাচে শুদ্ধপুষ্করণী জান্নাতুল ফেরদৌস ঝিনুক ২৩ ও ৪৮ মিনিটে জোড়া গোল করেন। ৪২ মিনিটে অপর গোল কুমারী পায়েল রানীর। অবশ্য ১৪ মিনিটে মুনমুন আক্তারের গোলে লিড নিয়েছিল আনসার। এরপর ৭০ মিনিটে জবা রানী ব্যবধান কমান। ম্যাচটি শুরু হওয়ার আগে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।