বরগুনায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, দুই ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা
Printed Edition
রবগুরা প্রতিনিধি
বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ৩টায় উপজেলার কাকচিরা বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা কাকচিরা বাজারে অভিযান চালায়। এ সময় দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দুইটা দোকানে তল্লাশি চলিয়ে মোট ১৮০ ব্যারেল (প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার) ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়। অসাধু উপায়ে তেল মজুদ ও চড়া দামে বিক্রির দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা ও খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে র্যাব-৮ সিটিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিমসঙ্কট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্তা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।