পরিত্যক্ত জমিতে হাইব্রিড হলুদ চাষে সাফল্য
Printed Edition
জহিরুল ইসলাম গৌরনদী (বরিশাল)
অযতেœ পড়ে থাকা জমিও হতে পারে লাভজনক ফসল। এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদীর কৃষক শ্যামল খলিফা। অল্প পুঁজি ও পরিকল্পিত উদ্যোগে পরিত্যক্ত জমিতে হাইব্রিড হলুদ চাষ করে দেড় লাখ টাকার বেশি লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। তার এই সাফল্য স্থানীয় কৃষকদের মাঝেও নতুন করে আশার সঞ্চার করেছে।
গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের কৃষক শ্যামল খলিফা জানান, নরসিংদী থেকে হাইব্রিড জাতের হলুদ সংগ্রহ করে ৩০ শতক পরিত্যক্ত জমিতে চাষ শুরু করেন। জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল উত্তোলন পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ওই জমিতে প্রায় ১০০ মণ হলুদের ফলন পেয়েছেন। বর্তমানে প্রতি কেজি কাঁচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি করেন তিনি। সব খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকার মতো লাভ হবে বলে জানিয়েছেন ওই কৃষক।
কৃষক খলিফা আরো জানান, কৃষি বিভাগের সহায়তা পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে হলুদ চাষ করতে চান। একই সাথে অন্য কৃষকদের মাঝেও এ চাষ ছড়িয়ে দিতে আগ্রহী তিনি। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, পরিত্যক্ত জমিতে কম খরচে লাভবান হওয়া সম্ভব এই বিষয়টি তারা শ্যামল খলিফার কাছ থেকেই পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ জানান, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, যার ফলে নতুন ফসল চাষে আগ্রহ বাড়ছে। হলুদ চাষীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।