নারী আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির ৩ জন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
বিএনপির তিন প্রার্থী গতকাল নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। আর গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। মনোনয়নপত্র নেয়া ৪৩১ জনের মধ্যে বিএনপির পক্ষ থেকে নেয়া হয়েছে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেয়া হয়েছে।
রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো: মনির হোসেন এসব তথ্য জানান। তিনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ইসিতে মনোনয়নপত্র জমা দেয়ার আর দুইদিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।