কাঁটাবনের বহুতল ভবনে অগ্নিকাণ্ড
পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন ২ কর্মচারী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাঁটাবন এলাকায় আল-বারাকা টাওয়ারে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ঢামেকে ও জাতীয় বার্নে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবদুুস সালাম (২০) (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক) ও জনি (২৪) (সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক)।
শুক্রবার রাত দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ও অপরজনকে জাতীয় বার্নে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ১৩ ও ১১ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা আটকে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতর থেকে দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি মর্গে রাখা হয়েছে।
সূত্র জানিয়েছে, যে ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে রয়েছে আইনজীবীদের চেম্বার। আটকে পড়া দুইজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। এরপর তাদের সাথে আর যোগাযোগ সম্ভব হয়নি।
পুলিশ জানায়, আবদুুস সালামের বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামে। তার বাবার নাম সেলিম সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।