জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম : বাকলিয়ায় নালা-খাল পরিষ্কার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে জোরদার কার্যক্রম হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর অংশ হিসেবে ‘ক্রাশ প্রোগ্রাম’ আওতায় নগরীর বাকলিয়া এলাকায় নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি সরেজমিন কাজ পরিদর্শন করেন এবং নিজ হাতে নালা থেকে ময়লা উত্তোলন করে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। মেয়র বলেন, গত বছর আমরা চট্টগ্রামের জলাবদ্ধতা ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পেরেছি। এ কাজে বিভিন্ন সেবাভিত্তিক প্রতিষ্ঠান আমাদের সাথে সমন্বয় করে কাজ করেছে। এবারও একইভাবে সম্মিলিত উদ্যোগে কাজ চলছে।

তিনি বলেন, নগরীর অধিকাংশ নালা-খাল এখনো ময়লায় ভরে যাচ্ছে।

মানুষকে সচেতন করার পরও অনেকে যেখানে-সেখানে বর্জ্য ফেলছেন।

গত তিন দিন ধরে আমি নিজেই বিভিন্ন এলাকায় গিয়ে দেখছি-নালার ভেতরে কী পরিমাণ ময়লা জমে আছে। এই অবস্থা থেকে উত্তরণে নগরবাসীকেই দায়িত্বশীল হতে হবে।

মেয়র আরো বলেন, আসন্ন বর্ষা মৌসুমে দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, বাজার পদারহাট, আগ্রাবাদ, মোহরাসহ নিচু এলাকাগুলোতে যাতে মানুষ জলাবদ্ধতার শিকার না হয়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই কেউ যেন পানিবন্দী না থাকে।

নালা-খালে ময়লা ফেলা এবং অবৈধভাবে দখল বা সঙ্কুচিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, যারা নালা-খালে ময়লা ফেলবে বা অবৈধভাবে দখল করে ড্রেন সঙ্কুচিত করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে দেয়া হবে না।