রাজশাহীতে ফ্লাইওভার ও কাঁচাবাজার নির্মাণ পরিদর্শন রাসিক প্রশাসকের

Printed Edition
bangla-3
রাজশাহীর ফ্লাইওভার ও কাঁচাবাজার নির্মাণকাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহবুবুর রহমান রিটন : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গত মঙ্গলবার দুপুরে তিনি গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত চলমান কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে সড়কের ওপর ঠিকাদারি প্রতিষ্ঠানের ফেলে রাখা যন্ত্রপাতি ও মালামাল দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। আগামী সাত দিনের মধ্যে এসব সরিয়ে সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ফ্লাইওভারসহ সব অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।

সাংবাদিকদের তিনি জানান, নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে ইতোমধ্যে ৩০ ও ৯০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। রাসিক প্রশাসক আরো বলেন, জনভোগান্তি কমাতে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। নগরীর সৌন্দর্য বর্ধনে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। এ সময় ফুটপাথ দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।