রুশ তেল কেনাবেচায় ফের যুক্তরাষ্ট্রের ছাড়
Printed Edition
রয়টার্স
রাশিয়ার তেল বিক্রির ওপর আবারো এক মাসের বিশেষ ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে আগামী এক মাস সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল ও পরিশোধিত তেলজাত পণ্য কেনাবেচার সুযোগ বজায় থাকবে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, শুক্রবার থেকে শুরু করে আগামী ১৬ মে পর্যন্ত সমুদ্রপথে জাহাজ থেকে রাশিয়ার তেল ও তেলজাত পণ্য সংগ্রহের প্রক্রিয়া সচল রাখা যাবে।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাশিয়ার তেল কেনার ওপর ছাড়ের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তবে সেই অবস্থান থেকে সরে এসে শেষ পর্যন্ত এই নতুন সময়সীমা নির্ধারণ করা হলো।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার তেল ও তেলজাত পণ্য কেনার ওপর ৩০ দিনের ছাড় দিয়েছিল। ১১ এপ্রিল ওই ছাড়ের মেয়াদ শেষ হয়ে যায়।