ইসলামী রাষ্ট্রব্যবস্থা না থাকায় গরিবদের টাকা নিয়ে ধনীরা ব্যবসা করে : মামুনুল হক
Printed Edition
নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুুনুল হক বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা না থাকার কারণে আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, ন্যায়বিচার নেই।
পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা আর মানবরচিত সংবিধানের রাষ্ট্রব্যবস্থায় এদেশের গরিবদের টাকা নিয়ে ধনীরা ব্যবসা করে ও বিদেশে পাচার করে। গরিবদের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা হলে নামাজ কায়েম হবে। জাকাত বাস্তবায়ন করে ধনীদের সম্পদ থেকে জাকাত আদায় করে সমাজের গরিবদের সব অভাব দূর করা হবে ও গরিবদের পুনর্বাসন করা হবে।
নামাজ কায়েম হলে খারাপ ও মন্দ কাজ থেকে আমরা দূরে থাকব। দুর্নীতি, সুদ-ঘুষ, ব্যভিচার আমাদের মধ্যে থাকবে না। কাজেই আসুন আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হই। এখনই সেই সূবর্ণ সুযোগ। সে সুযোগ আমরা কাজে লাগাই। তিনি বুধবার গভীর রাতে তানযীমুল মাদারিসিল কাওমিয়া নরসিংদী আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন। নরসিংদী শহরের ঐতিহ্যবাহী সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন মাঠে নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে আলোচক ছিলেন দেশবরণ্য আলেম ওলামাগণ।
প্রথম দিন সভাপতিত্ব করেন তানযিমুল মাদারিসিল কাওমিয়ার মহাসচিব আল্লামা ইসমাইল নূরপূরী। প্রধান মেহমান ছিলেন শিল্পপতি মাসুদুর রহমান। দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন এ সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার। প্রধান মেহমান ছিলেন মাধবদীর শিল্পপতি মো: জাকির হোসেন ভূইয়া।