খুলনা-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে সাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর ওই আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল দ্বিতীয় দিনের যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণ অধিকার পরিষদের প্রার্থী জি এম রোকনুজ্জামান। তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া সাক্ষর জালিয়াতির কারণে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থিতাও বাতিল হয়। এ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত হয় ইসলামী আন্দোলনের মো: আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম-অধিকার পরিষদের সুব্রত মণ্ডল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় ও জাতীয় পার্টির (জাপা) মো: জাহাঙ্গীর হোসেন।