পরীক্ষার্থীসহ নিহত ৩
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় এক আলিম পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামের এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি কবিরাজ মোড় এলাকার জাহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্ধবীর সাথে সিএনজিতে করে যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অটোরিকশা চাকার সাথে ওড়না পেঁচিয়ে গেলে সে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নানা জামালউদ্দিন জানান, রিতু প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু আজ বেলা ১১টার দিকে শুনতে পায় রিতু এক্সিডেন্ট করেছে। পরে ঈশ্বরদী হাসপাতালে ডাক্তাররা জানান, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাকিল নামে একজন প্রশিক্ষণার্থী দিনাজপুর যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফেরার পথে সাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর তেল পাম্পের এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামীর ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাকিল দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এ দিকে বিরল উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে এক বছরের শিশু বাস চাপায় নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে হানিফ পরিবহনের একটি কোচ পার্কিং করতে গিয়ে শিশুটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত শিশুর নাম ছিনিয়া আকতার। তার নানা বাড়ি উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন মাওয়ামুখী সাবওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন মো: আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়।